জনগণ ও জাতীয় স্বার্থ রক্ষা করেই চুক্তি: কাদের
প্রধানমন্ত্রীর ভারত সফরে যেকোন চুক্তি দেশের জনগণ ও জাতীয় স্বার্থকে সমুন্নত রেখেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার চট্টগ্রামের মোহরায় এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চুক্তি বাংলাদেশের জনগণ ও জাতীয় স্বার্থেই হবে। সে প্রতিরক্ষা হোক, সামরিক হোক, অসামরিক হোক। যেকোনো চুক্তিই হবে আমার জনগণ ও জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে।”
ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। তিনি বীরের মতো যাচ্ছেন, বীরের দেশ বাংলাদেশের নেতা হয়েই ইন্ডিয়া যাচ্ছেন। এখানে আমার অগ্রাধিকার কি? আমার অগ্রাধিকার বাংলাদেশের স্বার্থ।”
সমতার ভিত্তিতে বন্ধুত্ব এ স্পিরিট নিয়ে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে যা যা করা দরকার তিনি তাই করবেন। তা নিয়ে কোনো সংশয় থাকার অবকাশ নেই।
শুক্রবার চারদিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরের সময় ৩৫চি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এসব চুক্তি হলে তা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করে আসছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফরের আগেই সব চুক্তির বিষয় প্রকাশ করার দাবি জানিয়েছেন।
বিরোধীদের সমালোচনা করে কাদের বলেন, “তারাই আজকে রেকর্ড বাজায় যারা শুধু ভারত বিরোধিতা করে। ক্ষমতায় এলে ভারত প্রীতি আর চলে গেলে ভারত ভীতি।”
ভারত দু:সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু তাই বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে ভারতের বন্ধুত্ব কামনা করব এটা বঙ্গবন্ধুও করেননি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও করবেন না।
“ভারতের কাছ থেকে কিছু আদায় করতে হলে ভারতের সাথে বন্ধুত্ব রেখেই পাওনা আদায় করতে হবে। ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে তাদের কাছ থেকে কি আমরা কি গঙ্গার চুক্তি করে পানি আনতে পারতাম?”
চট্টগ্রামের আওয়ামী লীগনেতা সেকান্দার হায়াত খানের শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ।
এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নগরীর তৃতীয় কর্ণফুলী সেতু মোড়ে আট কিলোমিটার সংযোগ সড়কের চারলেইনে উন্নীতকরণের কাজ উদ্বোধন করেন।
