২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা অয়েলের সাবেক এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল বিপণনকারী পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 05:36 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের সদরঘাট থানায় মামলা দুটি করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক।

একটি মামলা করা হয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অধীনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ‘জেট ফুয়েল হাইড্রেন্ট লাইন’ নির্মাণ প্রকল্পের প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে।

অন্য মামলাটি করা হয় খুলনার দৌলতপুরে তিনতলা অফিস ভবন নির্মাণ কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে।

দুটি মামলাতেই আসামি করা হয়েছে পদ্মার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল খায়েরকে (বর্তমানে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের এমডি)।

তিন কোটি টাকা আত্মসাতের মামলার অন্য আসামিরা হলেন- প্রকল্প পরিচালক মো. আলী হোসেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সওয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম জামান পাঠান।

দ্বিতীয় মামলার বাকি আসামিরা হলেন- পদ্মা অয়েলের ডিজিএম ও প্রকল্প পরিচালক মো. নুরুল আমিন, প্রকৌলশ বিভাগের কর্মকর্তা কে এম আবদুর রহিম ও উপ-ব্যবস্থাপক সালেহিন আহমেদ আক্কাস এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মো. ইউনূস অ্যান্ড কোং এর মালিক আনিসুর রহমান।

মামলার বাদী সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে মামলা দুটি করা হয়েছে। দুটি মামলাই দণ্ডবিধির ১০৯ ও ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ করা হয়েছে।

“হাইড্রেন্ট লাইন নির্মাণে প্রকল্পে উল্লেখিত পরিমাণ অনুসারে কাজ করা হয়নি। কম কাজ করেই প্রকল্প শেষ করে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করা হয়।”

আর খুলনার দৌলতপুরে পদ্মা অয়েলের তিনতলা অফিস ভবন নির্মাণেও প্রকল্প অনুযায়ী কাজ না করে প্রায় ৩৩ লাখ টাকা আত্মসাৎ করা হয় বলে জানান তিনি।