২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানির কারাদণ্ড

স্বর্ণ চোরাচালান মামলার এক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 05:31 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

আফসার মিয়া (৩১) নামে ওই আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশও হয়েছে।

বুধবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।

আফসার রাউজান উপজেলার ইয়াসিননগর এলাকার শামসুল আলমের ছেলে। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাকে পাঁচ বছর কারাদণ্ডের সাজা দিয়েছেন।

২০১৫ সালের ১৫ অগাস্ট দুবাই থেকে ফেরার পথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি সোনার বারসহ গ্রেপ্তার হন আফসার।

এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সুজন কুমার দত্ত বাদি হয়ে একটি মামলা করেন।

ওই মামলায় ২০১৬ সালের ২ এপ্রিল অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের ১৬ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করা হয়।