ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে জলাবদ্ধতা বন্দর নগরীতে
বর্ষা মৌসুম শুরুর আগেই ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে আগের মতোই জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হয়েছে চট্টগ্রাম নগরবাসীকে।
লঘুচাপের সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের কারণে মঙ্গলবার বেলা ২টার পর মুষলধারে বৃষ্টি নেমে আসে, যা প্রায় ৪টা পর্যন্ত ছিল।
এতে বেশ কয়েকটি সড়কে পানি জমে যাওয়ায় নগরীতে যান চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, হাঁটতে গিয়ে বিপত্তিতে পড়তে হয় মানুষকে।
প্রবর্তক মোড়, ওয়াসা মোড়, দুই নম্বর গেট, জিইসি, মুরাদপুর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক, নাসিরাবাদ, আগ্রাবাদ এক্সেস সড়ক, হালিশহর ওয়াপদা মোড় ও বাকলিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জলাবদ্ধতার কয়েকটি ছবি পোস্ট করে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি লিখেছেন, “ব্যর্থ প্রমাণ করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে আল্লাহ প্রদত্ত অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা।”
বোয়ালখালী-কালুরঘাট সেতু আন্দোলনের আহ্বায়ক আবদুল মোমিন ফেইসবুকে লিখেছেন, “চট্টগ্রামে বৃষ্টি। মেয়রকে অজনপ্রিয় ও ব্যর্থ করতে একটি ঐশ্বরিক প্রচেষ্টা। স্টেডিয়ামসহ পুরো চট্টগ্রাম এখন আন্তর্জাতিক মানের সুইমিংপুল।”
নগরীর দুই নম্বর গেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে জলাবদ্ধতার ছবি দিয়ে অনেকে ফেইসবুকে হাস্যরসাত্মক মন্তব্যও করেছেন।
জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে নিয়ে সিটি করপোরের্শনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই জলাবদ্ধতা সাময়িক।
জলাবদ্ধতা সৃষ্টির কারণ ব্যাখ্যা করে শৈবাল দাশ সুমন বলেন, খাল খনন ও মাটি উত্তোলনের কাজ এবার কিছুটা দেরিতে শুরু হয়েছে। এরমধ্যেই হঠাৎ বৃষ্টি এসেছে।
“গতবার আমরা অনেক আগেই মাটি উত্তোলনের কাজ শুরু করেছিলাম। আশাকরি বর্ষা মৌসুমের আগেই প্রয়োজনীয় কাজ শেষ করা যাবে।”
আবহাওয়ার পূর্বাভাস অনুসারে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থানকারী লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে।
একারণে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সঙ্গে যোগ হয়েছে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপ পার্থক্যের আধিক্য।
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
