চট্টগ্রামে ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালা শুরু
চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালা।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
তিনি বলেন, পাঠককে সত্যটা জানানো দরকার, আর সংবাদকর্মীদের কাজই হল সত্যকে তুলে আনা।
শেখার শেষ নেই জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতায় শেখাটা নিরন্তর। এ প্রশিক্ষণ সংবাদকর্মীদের অনেক কাজে লাগবে।
“তুলে ধরার মত চট্টগ্রামের অনেক বিষয় আছে। এসব বিষয়ের উপর লেখনির মাধ্যমে চট্টগ্রামকে বহির্বিশ্বে তুলে ধরতে পারেন সংবাদকর্মীরা।”
কর্মশালার প্রথম দিন সংবাদকর্মীদের প্রশিক্ষণ দেন একাত্তর টিভির পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজের সহ সভাপতি শহিদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আলী, সাধারণ সম্পাদক শুকলাল দাশ ও যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।
এছাড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
