এইচএসসি: চট্টগ্রামে প্রথমদিন অনুপস্থিত ৯০০
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৯০০ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান রোববার জানান, এবছর চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় বাংলা বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ৭৩ জন। যার মধ্যে অংশ নিয়েছেন ৬৮ হাজার ১৭৩ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ৫২ হাজার ১৮৬ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ৬৫৩ জন।
এছাড়া কক্সবাজারে ১০৮ জন, রাঙামাটিতে ৪১ জন, খাগড়াছড়িতে ৭৮ ও বান্দরবানে ২০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা কলেজ কেন্দ্র থেকে মো. মনির হোসেন নামে ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।
“উপস্থিতির স্বাক্ষর করার সময় কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা ছবির মিল না পেয়ে তাকে আটক করে পুলিশে দেন।”
