সিভাসুতে খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্মেলন শুরু
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান সম্মেলন।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় আয়োজিত এ বিজ্ঞান সম্মেলনের ১৪তম আসরের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
এবার সম্মেলনের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মৎস্য ও পশু সম্পদের সর্বোত্তম ব্যবহার’।
বর্তমান সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যকে (এসডিজি) গুরুত্ব দিচ্ছে মন্তব্য করে জাবেদ বলেন, এসডিজি শুধু উন্নয়নশীল দেশের জন্য নয়, এটি সব দেশের জন্যই নির্ধারিত। বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করার ক্ষেত্রে এসডিজি বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ।
এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার ইতোমধ্যে অনেক সাফল্য অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বৌদ্ধ দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরী, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, সিভাসুর সাবেক উপাচার্য অধ্যাপক নীতীশ চন্দ্র দেবনাথ, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেরেংগানুর ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যাগরিকালচারের পরিচালক অধ্যাপক আবুল মোনাফ বিন আমবোক বোলং এবং স্কুল অব ফুড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক আমিজা মাত আমিন।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জুনায়েদ ছিদ্দিকী।
এ সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৩০০ জন বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ অংশ নিচ্ছেন বলে জানান সিভাসুর জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান।
দুই দিনের সম্মেলনে আটটি টেকনিক্যাল সেশনে একটি মূল প্রবন্ধ এবং ৪৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে বলেও জানান তিনি।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমান।
রোববার বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
