২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিভাসুতে শুরু হচ্ছে আন্তজার্তিক বৈজ্ঞানিক সম্মেলন

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তজার্তিক বৈজ্ঞানিক সম্মেলন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 08:42 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

সিভাসুর উদ্যোগে প্রতি বছরের মতো এ সম্মেলন ১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ।

বৃহস্পতিবার সিভাসুর কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এপ্রিলের এক ও দুই তারিখ এ সম্মেলন চলবে। সম্মেলনে বাংলাদেশের ১৪টি বিশ্ববিদ্যালয় ছাড়াও ভারত ও মালয়েশিয়াও অংশ নিচ্ছে।

তিনি বলেন, “আমরা এবারের সম্মেলনে আটটি সেশন রেখেছি, যেখানে প্রায় ৪৫টির মতো গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করা হবে।”

এটি ১৪তম আয়োজন উল্লেখ করে তিনি বলেন, সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমান।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মৎস্য ও পশু সম্পদের সর্বোত্তম ব্যবহার’।

উপাচার্য গৌতম বুদ্ধ বলেন, “এবারের সম্মেলনে পশুসম্পদ উৎপাদন বৃদ্ধি করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, বাংলাদেশের মৎস্য খাতে সম্ভাবনার অনুসন্ধানসহ চারটি এজেন্ডা নির্ধারণ করেছি।”

দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ও শিক্ষা বিনিময়ের মাধ্যমে সিভাসুকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কাজ চলছে বলে জানান তিনি।  

সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী সম্মেলনের আটটি সেশন সম্পর্কে বিস্তারিত ধারণা দেন সিভাসুর প্রভাষক মোকাদ্দেস আহমেদ দিপু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসুর অধ্যাপক রায়হান ফারুক, সাইফুদ্দিন, মাসুদুজ্জামান, কবিরুল ইসলাম, গৌরাঙ্গ চন্দ্র, আশরাফ আলী বিশ্বাস, জুনায়েদ সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন সিভাসুর প্রধান প্রকৌশলী শাহ জিল্লুর রহমান ও সিভাসুর রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম।