২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পুলিশ পরিচয়ে চট্টগ্রামে ব্যবসায়ী ‘অপহরণ’

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে একদল লোক এক পরিবহন ব্যবসায়ীসহ তিন জনকে বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 04:46 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

তারা হলেন- পরিবহন ব্যবসায়ী এসএম শফিকুর রহমান এবং তার দুই শ্যালক মো. হাসান ওরফে তারেক ও মধ্যপ্রাচ্য প্রবাসী মোয়াজ্জেম হোসেন ওরফে সাথী।

ছয় দিন আগে তাদেরকে খুলশী থানার আল ফালাহ গলির বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

ব্যবসায়ী শফিকুরের স্ত্রী সোলাতানা রাজিয়া টুম্পা সাংবাদিকদের বলেন, গত ২৪ মার্চ দুপুরে ছয় জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাদের বাসায় গিয়ে শফিকুর ও তার দুই শ্যালকের মোট আটটি মোবাইল ফোন জব্দ করে। প্রায় ৩০ মিনিট বাসায় থেকে তারা শফিকুরকে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে।

“আমার স্বামী স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তাকে ও আমার ছোট ভাই মোয়াজ্জেম হোসেনকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। আমার আরেক ভাই হাসান মোটরসাইকেল নিয়ে মাইক্রোবাসটির পিছু নিলে পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকেও তুলে নিয়ে যায়।”

পরে তারা নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে কোনো অভিযান চালানো হয়নি বলে পরিবারকে জানানো হয়।

এ ঘটনায় পরদিন খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় জানিয়ে টুম্পা বলেন, “ওই দিন রাতে শফিকুর তার মোবাইল থেকে ফোন করে কেঁদে কেঁদে বলে, আমাদের যারা তুলে এনেছে তারা নাকি সরকারের ‘বিশেষ টিমের’ লোকজন। আমরা খূব কষ্টে আছি। আমাদের ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে। যে কোনো উপায়ে আমাদের উদ্ধারের ব্যবস্থা কর।”

টুম্পার সঙ্গে তার ভাই হাসান তারেকের স্ত্রী ফৌজিয়া আইনুন নাহার, মা রীনা বেগম ও বোন আমেনা বিবি রুম্পা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

রীনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের তুলে নিয়ে যাওয়ার পর আট থেকে নয় বার তাদের সাথে ফোনে কথা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার রাত ৮টার দিকে কথা হয়েছে।

“ঘটনার দিন টুম্পার ফোন পেয়ে আমার দুই ছেলে ও আমি শফিকুরের বাসায় আসি। এসময় তারা আমার ছেলেকেও তুলে নিয়ে যায়।”

এঘটনায় খুলশী থানায় করা জিডিতে বলা হয়েছে, ডিবি পুলিশ পরিচয়ে আসা ছয় জন লোক বাসায় প্রায় ৩০ মিনিটের মতো অবস্থান করে বিভিন্ন কিছু তল্লাশি করে। তাদের দেওয়া একটি কাগজে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় দুই ঘণ্টা পর ছেড়ে দেবে বলে তুলে নিয়ে যায়।

মোয়াজ্জেম তার মোবাইলে পুলিশ পরিচয়ে আসা লোকদের ছবি তুলতে গেলে তাকে চড়থাপ্পর দিয়ে মোবাইল নিয়ে নেয় এবং শফিকুরের সাথে তাকেও তুলে নিয়ে যায় বলে এতে অভিযোগ করা হয়।

এবিষয়ে খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিডির বিষয়টি আমরা তদন্ত করছি।”