চট্টগ্রামে প্রাইভেট কার উল্টে আহত ২
চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কার উল্টে ভেতরে থাকা দুই আরোহী আহত হয়েছে।
আহতরা হলেন- মো. শাওন (২৩) ও মাহমুদুল হাসান নোবেল (২৫)।
শুক্রবার সন্ধ্যায় নগরীর সাগরিকার বেড়িবাঁধ সংলগ্ন টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহিদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টোলপ্লাজার সামনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে প্রাইভেট কারে থাকা দুজন আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি দেন বলে জানান তিনি।
