নোয়াখালীর পলাতক জামায়াত নেতাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
নাশকতার মামলায় পরোয়ানা নিয়ে পালিয়ে থাকা নোয়াখালী জামায়াতে ইসলামীর এক নেতাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার মো. বেলাল হোসেন (৫৫) নোয়াখালী সেনবাগ পৌরসভা জামায়াত ইসলামীর নায়েবে আমির।
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তারের কথা জানিয়ে নগর পুলিশের পক্ষ থেকে বলা হয়, নোয়াখালীর পলাতক জামায়াত-শিবির কর্মীদের সংগঠিত করে চট্টগ্রামের নেতাদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছিলেন বেলাল।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) কাজল কান্তি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গ্রেপ্তার বেলালের বিরুদ্ধে নোয়াখালী সেনবাগ থানায় আটটি নাশকতার মামলা আছে। ওইসব মামলায় তিনি চট্টগ্রামে পালিয়ে এসেছেন।”
বেলাল পালিয়ে এসে নগরীর মাঝিরঘাট এলাকায় একটি অফিসও ভাড়া নেন জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “ওই অফিসে তিনি নোয়াখালীর পলাতক জামায়াত-শিবিরকর্মীদের সংগঠিত করতেন; চট্টগ্রামের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে নাশকতার পরিকল্পনা করতেন।”
কাজল কান্তি জানান, বৃহস্পতিবার রাতে বেলাল তার ভাড়া নেওয়া ‘ভূঁইয়া ট্রেডিং করপোরেশন’ নামের অফিসে ১০/১২ জন জামায়াতকর্মী নিয়ে বৈঠক করছিলেন।
খবর পেয়ে অভিযান চালানো হলে সেখানে থাকা অন্যরা পালিয়ে গেলেও বেলালকে পুলিশ গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে তিনটি জিহাদি বই ও ২৫টি সংগঠনের লিফলেট উদ্ধার করা হয় বলে নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
