চট্টগ্রামের ঝিলে মাছ ধরার জালে অজগর
চট্টগ্রাম নগরীর জিয়ানগর এলাকার এক ঝিলে মাছ ধরার জালে উঠে এসেছে একটি অজগর।
আকবর শাহ থানার এসআই নুরুল আবসার জানান, শুক্রবার দুপুরে জিয়ানগরের কলাবাগান এলাকায় সাপটি ধরা পড়ে। পরে পুলিশ সেটি চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠায়।
চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট।
তিনি বলেন, “লোকজন ওই এলাকার ঝিলে মাছ ধরার জন্য জাল ফেললে তাতে অজগরটি উঠে আসে। খাবারের অভাবে সেটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।”
