চট্টগ্রামে যুবকের ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
চট্টগ্রামে এক যুবকের কাছ থেকে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে কোতোয়ালি থানার ওয়াসা মোড়ে হোটেল সফিনা লিমিটেডের কর্মী মো. মানিক ছিনতাইয়ের শিকার হন।
মানিকের বরাত দিয়ে হোটেলের ব্যবস্থাপনা পরিচালক শিহাব সাগির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানিক আমতল এলাকায় হোটেল থেকে ৭৩ হাজার টাকা নিয়ে রিকশায় করে জিইসি মোড় এলাকার একটি ট্রাভেল অ্যাজেন্সিতে জমা দিতে যাচ্ছিলেন।
“এসময় ওয়াসার মোড়ে সিগন্যালে মানিককে বহনকারী রিকশাটি দাঁড়ালে বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে আসা দুই যুবক তার গলা ও মাথায় ছুরি, পিস্তল ধরে সাথে থাকা টাকা নিয়ে নেয়।”
শিহাব বলেন, “মানিকের কাছ থেকে মোট ৭৫ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।”
কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, “এ ঘটনায় মামলা করতে একজন থানায় এসেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
