২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র ব্যবসায়ীর তালিকায় নেতাদের নাম উদ্দেশ্যপ্রণোদিত: বিএনপি

সরকারি এক গোয়েন্দা সংস্থার করা অস্ত্র ব্যবসায়ীদের তালিকায় সাধারণ সম্পাদকসহ অন্য নেতাদের নাম রাখাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অ্যাখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 04:04 PM

Updated : 19 Aug 2022, 03:58 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন এ প্রতিবাদ জানান।

সকালে চট্টগ্রামের স্থানীয় একটি দৈনিকে সরকারি ওই গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে অস্ত্র ব্যবসায়ীদের একটি তালিকা প্রকাশিত হয়। তালিকায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, স্বেছাসেবক দলের নেতা এস কে খোদা তোতন, সাবেক ছাত্রদল নেতা টিংকু দাশ, শাহ আলম, শওকত আজম খাজার নাম আছে।

সংবাদ সম্মেলনে শাহাদাত বলেন, “মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতি করে আসছেন।

“ছাত্রদল, যুবদলের মাধ্যমে তিনি রাজনীতিতে এসেছেন। তার পরিবার চট্টগ্রামের ব্যবসায়িক পরিবার, তিনিও একজন ব্যবসায়ী। চট্টগ্রামের রাজনীতিতে বিএনপিকে সুসংগঠিত করতে সচেষ্ট হওয়ায় উদ্দেশ্যমূলকভাবে তার নাম গোয়েন্দা সংস্থার অস্ত্র ব্যবসায়ীদের তালিকায় রাখা হয়েছে।”

সরকার ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ বিএনপির নেতাকর্মীদের নাম গোয়েন্দা সংস্থার তালিকায় ঢুকিয়ে দিচ্ছে অভিযোগ করে শাহাদাত বলেন, বিএনপি পরিচ্ছন্ন রাজনীতি করে।  

“কারা অস্ত্র ব্যবসা করে সবাই জানে। তাদের নাম তালিকায় আসুক। চট্টগ্রামসহ সারাদেশে সরকারদলীয় সংগঠনগুলোর নেতাকর্মীরা যেভাবে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে, অথচ তাদের কোনো বিচার হচ্ছে না। তাদের গ্রেপ্তার করতে হবে।”

নেতাদের নাম তালিকা থেকে অবিলম্বে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে শাহাদাত বলেন, অন্যথায় রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানানো হবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আইজজ, নুরুল্লাহ বাহার, যুবদল সভাপতি কাজী বেলাল, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।