বড় ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন
চট্টগ্রামের চন্দনাইশে বড় ভাইকে ছুরিকাঘাত ও খালের পানিতে চুবিয়ে মারার অভিযোগে ১৫ বছর আগের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূরে আলম বুধবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মোহাম্মদ ইব্রাহিম চন্দনাইশ উপজেলার হাসানদণ্ডী এলাকার নুরুল ইসলামের ছেলে। ঘটনার সময় ২৬ বছর বয়সী যুবক ইব্রাহিম রায় ঘোষণার সময় পলাতক ছিলেন।
নিহত মো. ইসমাইল তার বড় ভাই। ইসমাইলকে হত্যার অভিযোগে তাদের বাবা নুরুল ইসলাম বাদী ইব্রাহিমের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
“আসামি ইব্রাহিম ঘটনার পর গ্রেপ্তার হলেও পরে জামিনে গিয়ে পালিয়ে যায়। বড় ভাই ইসমাইলের স্ত্রীর সঙ্গে তার পরকীয়া ছিল। এ বিষয়টি পরিবাররে সদস্যরা জেনে গেলে বড় ভাইকে খুন করে ইব্রাহিম।”
মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ১৯ মে রাতে বড় ভাই ইসমাইলকে পাট শাক কাটার কথা বলে স্থানীয় মুন্সির দিঘীর উত্তর পাড়ে একটি খাল সংলগ্ন এলাকায় নিয়ে যায় ইব্রাহিম।
ঘটনাস্থলে গিয়ে ছোরা দিয়ে ইসমাইলের হাঁটুতে কয়েকটি আঘাত করেন তিনি। এরপর খালের পানিতে চুবিয়ে তাকে হত্যা করে ফেলে রেখে বাড়ি ফিরে যায়। ঘটনার পরদিন পুলিশ গিয়ে বাড়ি থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ওই বছরের ১৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা হওয়ার পর ২০০৩ সালের ৬ মার্চ অভিযোগ গঠন করা হয়।
মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দিল।
