২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনদে স্বাস্থ্যসম্মত বেকারি, ভেতরে ভেজালের পসরা

খাদ্য পরিদর্শকের দেওয়া সনদে লেখা বেকারির উৎপাদন প্রক্রিয়া স্বাস্থ্যসম্মত, কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একই বেকারিতে মিলল ভিন্ন চিত্র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 09:19 PM

Updated : 11 Oct 2022, 01:34 PM

অভিযানে দেখা গেছে বেকারির স্যাতঁস্যাতে মেঝেতে রাখা পঁচা ডিমের ভেতর কিলবিল করছে পোকা, কুচকুচে কালো বাসি চিনির রস, আছে মেয়াদউত্তীর্ণ ডালডা, ময়দার খামি ও কাপড়ের রং।

মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট বাজারে নিউ আজমির বেকারিতে এ চিত্র পায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশানার (ভূমি) রুহুল আমিন।

নিউ আজমির বেকারি নামের ওই প্রতিষ্ঠানের ছিল খাদ্য পরিদর্শক কর্তৃক নিরাপদ খাদ্য উৎপাদনের সনদ।

রুহুল আমিন বলেন, “বেকারি মালিক ভ্রাম্যমাণ আদালতকে সীতাকুণ্ড উপজেলার স্যানিটারি পরিদর্শক মোহা. জাহেরুল হকের দেওয়া সনদটি দেখান।

“সনদে লেখা ছিল বেকারির খাদ্য উৎপাদন প্রক্রিয়া স্বাস্থ্যসম্মত। কিন্তু আমরা ভেতরে গিয়ে দেখি খুব বাজে রকম নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে।”

রুহল আমিন বলেন, “কারখানার ভেতরের অবস্থা ভীষণ নোংরা। কেক তৈরির জন্য রাখা ভাঙ্গা পঁচা ডিম থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল ও পোকা কিলবিল করছিল। পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ডালডা, ঘি ও পাম ওয়েল। এছাড়াও মাসখানেক পুরনো চিনির রস যা কুচকুচে কালো।”

এসব অপরাধে বেকারি মালিক এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।