২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা ঘোষণায় ১২ কন্টেইনার পণ্য আমদানির ঘটনা তদন্তে কমিটি

মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দরে আনা ১২ কন্টেইনারে সিগারেট, মদ, ফটোকপিয়ার ও এলইডি টিভি পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 08:00 PM

Updated : 11 Oct 2022, 01:34 PM

মঙ্গলবার এ কমিটির গঠনের কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

কমিটির প্রধান করা হয়েছে অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে।

কমিটির অপর দুই সদস্য হলেন ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুর রহমান ও চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক তারেক মাহমুদ।

মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক করা ১২ কন্টেইনারের সঙ্গে আমদানিকারকের কোন সম্পর্ক আছে কি না, এর সঙ্গে কাস্টমস-বন্দর-সিঅ্যান্ডএফ এজেন্টসের কর্মকর্তাদের কারও সংযোগ আছে কি না খতিয়ে দেখবে কমিটি।”

এছাড়া আটক করা কন্টেইনারের আমদানিকারক ও আগে আমদানি করা কন্টেইনারগুলোর সাথে এ ঘটনার যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেথা হবে বলে জানান তিনি।

গত রোব ও সোমবার চট্টগ্রাম বন্দরে শুল্ক গোয়েন্দাদের নজরদারিতে রাখা ১২টি কন্টেইনার খুলে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফটোকপিয়ার, সিগারেট, এলইডি টিভি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৩৪ কোটি টাকা।

ঢাকার খিলক্ষেত ও কেরানীগঞ্জের দুটি প্রতিষ্ঠানের নামে আমদানিকারক খোরশেদ আলম মূলধনী যন্ত্রপাতির ঘোষণা দিয়ে এসব পণ্য আমদানি করেছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান।