২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বসন্তের স্বস্তির বৃষ্টি

বসন্তের বৃষ্টিতে প্রাণ ফিরে পেল বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 05:51 PM

Updated : 11 Oct 2022, 01:34 PM

সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়ে বৃষ্টি চলে একটানা নয়টা পর্যন্ত। হঠাৎ বৃষ্টিতে সকালে অফিস ও স্কুল-কলেজমুখী মানুষ কিছুটা দুর্ভোগে পড়লেও তারা শুষ্ক শীতের পর প্রথম এ বৃষ্টিতে পুলকিত।

বিভিন্ন উন্নয়ন কাজের খোঁড়াখুঁড়ির ফলে শীত মৌসুম থেকেই বন্দর নগরীর সড়কগুলো ধুলোময় হয়ে ছিল।

পতেঙ্গা আবহাওয়া কার্যালয় জানায়, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালবৈশাখীর মৌসুম শুরুর আগে বজ্রমেঘের কারণে বৃষ্টি হয়েছে। সামনের দিনগুলোতে ক্ষণস্থায়ী দমকা বা ঝড়ো বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

নগরীর আন্দরকিল্লার বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, সকালে বৃষ্টির কারণে অফিসে যেতে কিছুটা সমস্যা হলেও মৌসুমের প্রথম বৃষ্টি আমাদের শান্তির পরশ বুলিয়ে দিয়ে গেছে।

বৃষ্টির ফলে ধুলোবালি থেকে সাময়িক স্বস্তি মিলেছে বলে মনে করেন ইপিজেড এলাকার অজয় মিত্র।