চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় ১২ বছর কারাদণ্ড
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৫টি সোনার বারসহ তিন বছর আগে গ্রেপ্তার এক ব্যক্তিকে চোরচালান মামলায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. জামাল উদ্দিন (৩৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ কুসুম্বা গ্রামের বদিউল আলমের ছেলে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর সোমবার এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফখরুদ্দিন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
“পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।”
(ফাইল ছবি)
এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম বাদী হয়ে ওই মামলা করেন।
বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ও ১ (বি) ধারায় করা মামলায় ২০১৪ সালের ৭ মার্চ অভিযোগপত্র দেওয়ার পর অভিযোগ গঠন করা হয় ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর।
রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রায় ঘোষণা করে।
