চট্টগ্রামে ৬ ‘ডাকাত’ গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার ভোরে নগরীর নিমতলা এলাকায় ‘ডাকাতির প্রস্তুতির সময়’ তাদের আটক করা হয় বলে গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এরা হলেন- আবুল কাশেম (৩৫), মো. আলাউদ্দিন (৪০), মো. কুদ্দুস (২৮), মো. জামাল (২৫), মো. লোকমান মনছুর (৩০) ও হান্নান হোসেন (২৭)।
তাদের কাছ থেকে তিনটি ছুরি, একটি গ্রিল কাটার যন্ত্র ও ৫০ গজ দড়ি উদ্ধার করা হয়; জব্দ করা হয় একটি ট্রাক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকাত দলটি খাগড়াছড়ির মানিকছড়ি, রামগড়, চট্টগ্রামের ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকার সড়কে যানবাহন থেকে কৌশলে গরু ছিনতাই করে আসছিল। এছাড়া বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙেও তারা গরু চুরি করত।
এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা করার কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
