চট্টগ্রাম বন্দরে ৯ কন্টেইনার আটক
আমদানি নিষিদ্ধ পণ্য থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে আসা নয়টি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এর মধ্যে তিনটি কন্টেইটার রোববার সকালে খুলে পরীক্ষা করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অদিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।
এই নয়টি কন্টেইনারের মধ্যে একটি চালানে তিনটি এবং অন্য চালানে ছয়টি কন্টেইনার দুটি আলাদা জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসে।
প্রথম চালানের তিনটি কন্টেইনার ৩ মার্চ বন্দরের জেটিতে নামানো হয়। এগুলো বহনকারী জাহাজটি গত ২৮ ফেব্রুয়ারি বহির্নোঙরে আসে।
মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমদানি নিষিদ্ধ অবৈধ পণ্য থাকতে পারে এ সন্দেহে কন্টেইনারগুলো আটক করা হয়েছে। প্রাথমিকভাবে স্ক্যানিং করা হয়েছে। ধারণা করছি, এতে সিগারেট-মদসহ অন্যান্য মাদক থাকতে পারে।
“সবগুলো কন্টেইনারের ক্ষেত্রেই ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল।”
রোববার যে তিনটি কন্টেইনার খোলা হবে সেগুলোর আমাদানিকারক হিসেবে ঢাকার খিলক্ষেত এলাকার একটি প্রতিষ্ঠানের ঠিকানা কাগজপত্রে দেওয়া আছে।
মইনুল খান বলেন, “ওই ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। ওই নামের কোনো প্রতিষ্ঠানও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এই তিনটি কন্টেইনার বহনকারী জাহাজটি বহির্নোঙরে থাকার সময়ই বিল অব এন্ট্রি দাখিল এবং ডিউটি পেমেন্ট করা হয়।
“পরবর্তীতে আমদানিকারক কন্টেইনারগুলো জেটিতে না নামিয়ে ফিরিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।”
ভিন্ন একটি জাহাজে সিঙ্গাপুর থেকে আসা অন্য ছয়টি কন্টেইনারও আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
এই কন্টেইনারগুলো সোমবার খোলা হবে বলে জানান মইনুল খান।
এসব কন্টেইনার পরীক্ষার জন্য মইনুল খানের নেতৃত্বে শুক্ল গোয়েন্দাদের একটি দল চট্টগ্রাম রওনা হয়েছেন শনিবার রাতে।
তাদের উপস্থিতিতে রোববার সকালে প্রথম চালানের তিনটি কন্টেইনার খোলা হবে।
