২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিকত্ব আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: আমির খসরু

‘বাংলাদেশ নাগরিকত্ব আইন’ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এর মাধ্যমে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 07:51 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

শনিবার দুপুরে চট্টগ্রামে মহানগর বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬’ নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, “এ আইনের মাধ্যমে আমাদেরকে দাসত্ব এবং এক দলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে সরকার। এই আইন সংবিধানের সাথে যেভাবে সাংঘর্ষিক, ঠিক সেভাবে নীতির সাথেও সাংঘর্ষিক।”

এ আইনকে প্রতিহত করতে হবে মন্তব্য করে তিনি বলেন, “সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই নাগরিকত্ব আইন করেছে। এই আইনের মাধ্যমে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, যাতে দেশের প্রতিপক্ষ কেউ না থাকে।

“সরকারের নিপীড়ন নির্যাতনে দেশে এখন প্রতিবাদ করাও কঠিন হয়ে পড়েছে। সরকারের মন্ত্রী-এমপিরা দেশের বাইরে গেলেই তাদেরকে প্রতিহত করছে প্রবাসীরা।”

গত বছরের ১ ফেব্রুয়ারি নাগরিকত্ব আইনের খসড়ায় প্রাথমিক অনুমোদন দেয় মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রস্তাবিত নাগরিকত্ব আইনটি আইন মন্ত্রণালয়ে এসেছে ভেটিংয়ের জন্যর।

পুরানো ধ্যান ধারনার ভিত্তিতে সরকার এই আইন তৈরি করছে বলে সেমিনারে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

“পুরানো ধ্যান ধারনার ভিত্তিতে এই কর্তৃত্ববাদী সরকার এই আইন তৈরি করেছে। সরকার এই ধরনের বিভিন্ন আইন করে সরকারি বিভিন্ন সংস্থাকে ধংস করে দিয়েছে। এখন তারা নাগরিকদের ধংস করতে চায়।”

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, “জনগণের ভোটে নিার্বচিত না হওয়ায় এ সরকার কোনো আইন তৈরি করতে পারে না। এ নাগরিকত্ব আইন বাতিল করতে হবে।”

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ফারহাদ হালিম ডোনার, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান ছালেহ প্রিন্স, মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের গণি চৌধুরী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়ছার কামাল।

পুরনো খবর:

বিশেষ পরিবারের নিরাপত্তায় নাগরিকত্ব আইন: বিএনপি