২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ম্যাজিকে মাহাথিরও বিস্মিত: মন্ত্রী ছায়েদুল

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে আধুনিক মালয়েশিয়ার কারিগর মাহাথির মোহাম্মদও ‘বিস্মিত’ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 11:29 PM

Updated : 11 Apr 2022, 11:06 PM

বৃহস্পতিবার চট্টগ্রামে মেরিন ফিশারিজ একাডেমির ৩৫তম ব্যাচের গ্র্যাজুয়েশন প্যারেড শেষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

চীন ও ভারতের সঙ্গে ‘কৌশলগত ভারসাম্যপূর্ণ’ কূটনৈতিক সম্পর্কে দেশ লাভবান হচ্ছে বলে মন্তব্য করেন ছায়েদুল হক। 

তিনি বলেন, “কূটনৈতিকভাবে চীন ও ভারতের সাথে যে ব্যালান্স অব পাওয়ার এইটা এখন শেখ হাসিনা করতেছেন। এই ব্যালান্স অব পাওয়ারটা তিনি এখন পুরোপুরি কমান্ড করতেছেন, যার কারণে শেখ হাসিনা দুই দেশের কাছে সমান জনপ্রিয়।

“চীনের প্রেসিডেন্ট দিয়ে গেছে ২০ বিলিয়ন। আরও ২০ বিলিয়ন দেবে। ভারতের এক্সিম ব্যাংক থেকে আমরা কিছু ঋণ আনছি স্বল্পসুদে। তাছাড়া আমাদের পশ্চিমাঞ্চলে রেলপথ নাই। আজকা বরিশাল-পটুয়াখালী-বরগুনা হয়ে পায়রা পর্যন্ত রেলপথ যাবে। এটি করতেছে ভারত। দুই দিকে ইকনোমিক কো-অপারেশন চলছে। আপনারা তো সাংবাদিক, আপনাদের বেশি জানা উচিত আমার চেয়ে।” 

তিনি বলেন, দেশে ফিরে ১৯৭২ সালের ১২ জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকা হাই কোর্টের পুরাতন ফটকের সামনে রাত ৮টায় সংবাদ সম্মেলন করেন।

“সেখানে বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশ উইল বি সুইজার‌ল্যান্ড অব দ্য ইস্ট। উনি জানতেন দেশের কী সম্পদ আছে। আজকে দেখেন শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর যে উন্নয়নের সড়কে বাংলাদেশ উঠছে, তাতে আগামী ১৫ বছরের মধ্যে প্রাচ্যের সুইজারল্যান্ড হবে। আমরা থাকব না। আপনারা সেটার সুফল ভোগ করবেন।”

অনুষ্ঠানে সাংবাদিকদের ‘জানাশুনা’ নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী ছায়েদুল।

“আপনারা স্বাধীনতা যুদ্ধ দেখেন নাই। এটা ২০১৭ সালের ফাল্গুন, একাত্তর সালের ফাল্গুন মাস দেখেন নাই। কী অবস্থা ছিল সেটা আপনারা দেখেন নাই। স্বাধীনতার উপর পুরো শিক্ষাটা আপনাদের নেওয়া উচিত।”

এসময় একজন সাংবাদিক মন্ত্রীকে তার মন্ত্রণালয় নিয়ে প্রশ্ন করার চেষ্টা করলে তিনি বলেন, “রাখেন। প্রশ্ন করলে তো উত্তর দিতে পারেন না।”

রাগত কণ্ঠে মন্ত্রী বলেন, “আরে আমি বলে নিই না। লেখা জানে না, পড়া জানে না…

“মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নাম শুনেছেন কি না জানি না। আপনাদের শুনার কথাও না। নাম শুনে নেন। মোহাম্মদ মাহাথির। ইতিহাস ঘাটবেন, বই পড়বেন। বই না পড়ে তো সাংবাদিক হওয়া যায় না।

“মালয়েশিয়াকে বদলে দেওয়ার কারিগর মাহাথির মোহাম্মদও আজকা (আজকে) শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অগ্রগতির ম্যাজিক দেখাচ্ছে সেটাতে বিস্মিত।”

তারপর নরম সুরে ছায়েদুল বলেন, “বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যে বাঙালি ভাতের অভাবে লাম্বা আলু খাইত, না খাই মানুষ মারা গেছে, মিষ্টি আলু খাইত; শেখ হাসিনা সে দেশটাকে খাদ্য রপ্তানিকারক দেশে রূপান্তর করেছে।” 

মেরিন ফিশারিজ একাডেমির ৩৫তম ব্যাচে নটিক্যাল বিভাগের ৪০ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৮ জন ও মেরিন ফিশারিজ বিভাগের ২০ জন ক্যাডেট গ্র্যাজুয়েশন লাভ করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান উপস্থিত ছিলেন।