প্রশ্ন ‘কমন’ না পড়ায় কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের একটি কোর্সের পরীক্ষার প্রশ্ন ‘কমন’ না পড়ায় কেন্দ্র থেকে বেরিয়ে গেছেন অধিকাংশ শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাংলা দ্বিতীয় বর্ষের ২০৭ নম্বর কোর্সের (রাজনীতি বিজ্ঞান) পরীক্ষা শুরু হয়। ১০০ নম্বরের ওই কোর্সে পরীক্ষার্থী ছিলেন ৫৫ জন। তাদের মধ্যে ৩৭ জনই পরীক্ষা না দিয়ে বেরিয়ে যান।
এদের একজন সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশ্ন হাতে পাওয়ার পর দেখি একটি ছাড়া কোনো প্রশ্ন কমন আসেনি।
“পর পরই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষককে বিষয়টি জানিয়ে আমরা ৩৭ জন পরীক্ষা বর্জন করি। বিষয়টি জানতে পেরে প্রক্টর স্যার আসেন। তিনি লিখিত অভিযোগ করতে বলেন।”
পরে এ বিষয়ে বিভাগীয় প্রধান মোহাম্মদ মহীবুল আজিজের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানান সামিউল।
তিনি বলেন, “আমরা পরীক্ষা কমিটির সভাপতি ড. মোহাম্মদ শফিউল আযমকেও বিষয়টি জানিয়েছি। তিনি বলেছেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
সিলেবাসের বাইরে প্রশ্ন হয়েছে কি না জানতে চাইলে সামিউল বলেন, “ক্লাসে যা পড়ানো হয়েছে সেগুলোর বাইরে প্রশ্ন এসেছে।”
এ বিষয়ে জানতে চাইলে শফিউল আযম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুই ঘটে থাকে। এটা এমন বড় কিছু নয়।
“শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করে পরবর্তীতে করণীয় নির্ধারণ করা হবে।”
