চট্টগ্রামে মাদকের মামলায় চারজনের সাজা
পঞ্চাশ গ্রাম হেরোইনসহ আট বছর আগে গ্রেপ্তার হওয়া একজনকে যাবজ্জীবন ও তিনজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শাহাদাত, শামীম, আলাউদ্দিন ও মনজুর আলম।
এদের মধ্যে শাহাদাতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
এছাড়া শামীম, আলাউদ্দিন ও মনজুর আলমকে পাঁচ বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী তছলিম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের মধ্যে শাহাদাত পলাতক। বাকিরা গ্রেপ্তার আছেন। আসামিরা সবাই মাদক ব্যবসায়ী।”
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি নগরীর বহদ্দারহাটের খতিবের হাট এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়। ওই মামলায় ২০০৮ সালের ২০ মার্চ অভিযোগপত্র দেওয়া হয়।
মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত রায় দেয়।
