চট্টগ্রামে নর্দমায় পাইপ মিস্ত্রির লাশ
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় নর্দমা থেকে এক পাইপ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানার ডিসি রোডে নুরুল হক হাজীর বাড়ির পেছনে এক নর্দমায় ইমরান হোসেন পাপ্পু নামের ২২ বছর বয়সী ওই তরুণের লাশ পাওয়া যায়।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটি নালায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পাপ্পু পেশায় ছিলেন পাইপ ফিটিংয়ের মিস্ত্রি। তার বাড়ি কুমিল্লায়, বাবার নাম রফিকুল ইসলাম। চট্টগ্রামে নুরুক হক হাজীর কলোনির একটি বাসায় ভাড়া থাকতেন পাপ্পু।
ওসি জানান, দুই দিন ধরে পাপ্পুর খোঁজ মিলছিল না বলে তার পরিচিতরা জানিয়েছেন। তার মুখমণ্ডল নর্দমার ভেতরে কালো কাপড়ে ঢাকা ছিল।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়ে ওসি বলেন, “ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”
