চট্টগ্রামে অস্ত্র মামলায় ১০ বছর কারাদণ্ড
অস্ত্র আইনের মামলায় এক আসামিকে ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরে আলম বুধবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ঈমান হোসেন ওরফে ইমন লক্ষ্মীপুর জেলার রামপুর এলাকার আবুল কালাম এর ছেলে।
রায় ঘোষণার সময় পলাতক এই আসামি ২০০৩ সালে অস্ত্র উদ্ধারের ঘটনার সময় রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার রাজা মিয়ার ঘরে ভাড়া থাকতেন।
চট্টগ্রাম জেলা আদালতের অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের পর ইমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছিল। সেই মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ টাকা দিতে ব্যর্থ হলে আরও এক বছর কারাভোগ করতে হবে ইমনকে।
মামলার নথি থেকে জানা যায়, আগে থেকে খবর পেয়ে ২০০৩ সালের ১১ অগাস্ট চন্দ্রঘোনায় ইমনের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ।
এসময় পুলিশ তার আলমারি থেকে একটি বিদেশি রিভলবার ও আট রাউণ্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় ওইদিনই মামলা করা হয়।
মামলায় ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়ার পর ২০০৪ সালের ১৫ জুলাই অভিযোগ গঠন করা হয়।
এ মামলায় নয় জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে বুধবার রায় ঘোষণা করে আদালত।
