২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে সোনার বিস্কুটসহ যাত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫টি সোনার বিস্কুটসহ দুবাইফেরত এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2017, 04:43 PM

Updated : 11 Apr 2022, 11:03 PM

গ্রেপ্তার শাহাদাত হোসেনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম নামেন বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. মোর্শেদ আলী জানান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শাহাদাতকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার পেটের ভেতর সোনার বার থাকার কথা জানায়। পরে তার কাছ থেকে ১০ তোলা ওজনের ১৫টি বিস্কুট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”

সকালে রিজেন্ট এয়ারওয়েজের এক যাত্রীর কাছ থেকে আরও চারটি সোনার বিস্কুট উদ্ধারের কথা জানিয়ে মোর্শেদ বলেন, মো. বাশার নামের ওই ব‌্যক্তি মাস্কট থেকে চট্টগ্রামে আসেন।

বাশারের সোনার বিস্কুটগুলো জব্দ করা হলেও তাকে আটক করা হয়নি। তবে তার পাসপোর্ট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।