চট্টগ্রামে তরুণীকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা
চট্টগ্রাম নগরীর ষোলশহরে এক তরুণীকে এসিড নিক্ষেপের ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার পাঁচলাইশ থানায় এসিড নিক্ষেপের শিকার তরুণী মাধবী বড়–য়া নিজে বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালি উদ্দিন আকবর।
এতে এসিড নিক্ষেপকারী মিন্টু নাথ ও মাধবীর ‘প্রেমিক’ অভি বড়–য়াকে আসামি করা হয়েছে। এদের মধ্যে মিন্টু গ্রেপ্তার হলেও পলাতক রয়েছেন অভি, যাকে বৃহস্পতিবার এসিড নিক্ষেপের ঘটনার পর মাধবীর স্বামী বলে জানিয়েছিল পুলিশ।
পুলিশ পরিদর্শক ওয়ালি উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার অভি বড়–য়াকে মাধবীর স্বামী হিসেবে আমরা জেনেছিলাম। প্রকৃতপক্ষে মাধবীর সাথে অভির দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।
তিনি বলেন, “গ্রেপ্তার মিন্টু নাথ এসিড নিক্ষেপের কথা স্বীকার করে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিয়েছে। সে জানিয়েছে অভিই তাকে এসিড মারার জন্য বলে।”
পলাতক অভিকে ধরতে অভিযান চালানো হচ্ছে জানিয়ে ওয়ালি আকবর বলেন, “সে অভি বড়–য়া পরিচয় দিলেও তার প্রকৃত নাম রুপন বলে শুনেছি।”
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ষোলশহরে মেয়র গলিতে ভাড়া বাসা দেখতে যাওয়া মাধবীকে এসিড নিক্ষেপ করেন মিন্টু নাথ। এসময় স্থানীয় লোকজন মিন্টুকে ধরে পুলিশে দেয়।
এসিডে স্থানীয় একটি বিউটি পার্লারের মালিক মাধবীর হাত ও মুখের একাংশের পাঁচ শতাংশ পুড়ে যায়। মাধবী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
