২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাড়ায়’ গৃহবধূকে এসিড নিক্ষেপ

চট্টগ্রামের ষোলশহর এলাকায় এক গৃহবধূকে এসিডে ঝলসে দিয়েছে এক যুবক, যিনি অন‌্য একজনের ভাড়াটে হিসেবে এ কাজ করার কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 11:19 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ষোলশহর এলাকার চশমা হিল সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে পাঁচলাইশ থানার পরিদর্শক ওয়ালী উদ্দিন আকবর জানান।

এসিডে দগ্ধ মাধবী বড়ুয়া (২১) নগরীর বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকায় স্বামী অভি বড়ুয়ার সাথে থাকতেন।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাধবীর হাত ও মুখের ৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পরিদর্শক ওয়ালী উদ্দিন আকবর বলেন, সন্ধ্যায় মাধবী তার স্বামীর সাথে হেঁটে চশমা হিল এলাকায় বাসা দেখতে যাওয়ার সময় ওই যুবক তাকে ‘রাসায়নিক’ ছুড়ে মারে।

“পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়।”

মো. রোবায়েত নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই যুবক তার নাম মিন্টু বলে জানিয়েছে।

“সে বলেছে, এক যুবক তরুণীটিকে এসিড নিক্ষেপ করার জন্য তাকে ভাড়া করে এনেছে।”  

হাসপাতালে চিকিৎসাধীন মাধবী সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় স্বামী ও প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে বাসা দেখতে মেয়র গলিতে যান তিনি।

“গলির ভেতর কিছু দূর যাওয়ার পর এক যুবক পকেট থেকে বের করে কিছু সেটা আমার দিকে ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে আমি মুখে হাত দিই।”