চট্টগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
দুই বছর আগে ১৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তের নাম মো. ইদ্রিস (৪০)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর পলোগ্রাউন্ড এলাকার মেলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ফেনসিডিলসহ কমিউনিটি সেন্টারের দারোয়ান ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বাড়ি ফেনীর দৌলতপুরে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ওসমান কবির কোতোয়ালি থানায় মামলা করলে ওই বছরের ২২ অক্টোবর অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
চার জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা দেন বলে মেজবাহ জানিয়েছেন।
