২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্ল্যাট ক্রেতাদের টাকার উৎস নিয়ে প্রশ্ন নয়: পূর্তমন্ত্রী

ফ্ল্যাট ক্রেতাদের টাকার উৎস নিয়ে প্রশ্ন না করতে এনবিআর ও দুদকের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 03:15 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

বুধবার দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে রিহ্যাব ফেয়ার-২০১৭ এর উদ্বোধনীতে এ মন্তব্য করেন তিনি।

আবাসন শিল্প খাতে ‘প্রণোদনা’ দেওয়ার প্রসঙ্গ টেনে ‘টাকার উৎস নিয়ে প্রশ্ন না করার’ বিষয়টি অবতারণা করেন মন্ত্রী মোশাররফ।

টাকার উৎস সম্পর্কে জানতে না চাওয়াকেই ‘প্রণোদনা’ দাবি করা গৃহায়নমন্ত্রী সেই প্রণোদনা অবশ্যই দিতে জানিয়ে এ বিষয়ে সরকারের সাথে তার দ্বিমতের কথাও স্পষ্ট করে জানিয়ে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ বলেন, “সরকারের কিছু প্রণোদনা দিতে হবে। প্রণোদনা মিনস-এখন এই যে, রাজউকের অ্যাপার্টমেন্ট কিনবে; অনেকে বলতেছে- আপনার কি ওয়াইট মানি আছে? অ্যাপার্টমেন্ট কিনবেন? ওয়াইট মানি না থাকলে তো আপনি কিনতে পারবেন না।

“এটা কিন্তু রাজউকের যারা অফিসার, তারাই বলতেছেন। বিকজ দে ডোন্ট ওয়ান্ট ইট। তাদের লাভ হল জমিতে, তাই ডিসকারেজ করে। এখন আপনার ওয়াইট মানি আছে কি না, থাকলে কিনতে পারবেন, না হলে পারবেন না- এটা তো হয় না।”

আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “যারা আপনারা অ্যাপর্টমেন্ট করেন- আপনারা রড, সিমেন্ট, টাইলস, কমোড, গ্লাস, ডোরসসহ ২৫০ ধরনের উপকরণ... এগুলো যে লাগাচ্ছেন, এগুলো ট্যাক্স-ভ্যাট দিয়ে আসছে। তারপর অ্যাপার্টমেন্ট করছেন। এরপরে ১৪ পারসেন্ট আবার রেজিস্ট্রেশন ফিও দিচ্ছেন।

“এরপরে যদি এনবিআর-দুদক আইসা বলে যে, আপনি টাকাটা কোথা থেকে পাইলেন? এটা হবে? এজন্য আই ডোন্ট এগ্রি উইথ দ্যা গর্ভমেন্ট।”

সরকারের সঙ্গে এ বিষয়ে তার দ্বিমতের কারণ ব্যাখা করে মোশাররফ বলেন, “আমি গর্ভমেন্টের একজন মন্ত্রী হয়ে কেন বলতেছি? পৃথিবী এখন উন্মুক্ত হয়ে গেছে। আপনার মোবাইলে দেখেন। আপনি অস্ট্রেলিয়া-মালয়েশিয়ার মেসেজ পাবেন। আমার কাছে অস্ট্রেলিয়ার মেসেজ আছে।

“তারা কী বলতেছে, ‘হ্যাভ ইউ সেকেন্ড হোম হিয়ার? হ্যাভ ইউর ভিসা?’ ব্যবসা বাণিজ্য করতে চাইলে এখানে আপনি ভিসা পাবেন। এবং দে আর নট গোয়িং ‍টু আক্স হোয়ার ইউ আর গেটিং মানি ফ্রম। এটা হচ্ছে।”

তিনি বলেন, “হাউজিং সেক্টরে ১৪ পারসেন্ট রেজিস্ট্রশন ফি দিচ্ছে। এরপরে জিজ্ঞেস করতেছে, এনবিআরের চেয়ারম্যান... যে আপনি কোথায় টাকা পাইলেন। দুদক এসে বলতেছে কোথা থেকে টাকা পাইলেন। এটা থেকে মুক্ত করতে হবে।

“না করলে এখান থেকে টাকা চলে যাবে। মানুষ বাইরে অ্যাপার্টমেন্ট কিনবে। এই প্রণোদনা অবশ্যই দিতে হবে।”

অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রেশন ফি কমাতে আবাসন ব্যবসায়ীদের দাবির সঙ্গে সহমত প্রকাশ করে মন্ত্রী বলেন, “রেজিস্ট্রেশন ফি ১৪ পারসেন্ট থেকে কমিয়ে ৭ পারসেন্ট করার বিষয়ে আমি একমত।

“যখন অ্যাপার্টমেন্ট হবে, যারা সেখানে থাকবে তাদেরকে শুড নট বি এনি কোশ্চেন, যে কোথা থেকে টাকাটা পেলেন?”

আবাসন সমস্যা নিরসনে রাজউক উত্তরায় ১৫ হাজার, পূর্বাচলে ৬০ হাজার এবং ঝিলমিল প্রকল্পে ১৫ হাজার অ্যাপার্টমেন্ট করছে বলে জানান তিনি।

পাশাপাশি রাজধানীর বেইলি রোডে ৮৬ জন বিচারকের জন্য একটি ২০ তলা জাজেস কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে জানিয়ে গৃহায়ন ও পূর্তমন্ত্রী বলেন, চট্টগ্রাম নগরীর জন্য একটি স্যুয়ারেজ ম্যানেজমেন্ট প্ল্যান্ট করতে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন।

বড় আকারের আবাসন প্রকল্পগুলোতে এসটিপি স্থাপন করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী মোশাররফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বক্তব্য রাখেন।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী।

অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলে আবাসন শিল্পে অবদান রাখায় সানমার প্রপার্টিজ লিমিটেড এবং ইক্যুইটি প্রপার্টিজ ম্যানেজমেন্ট (প্রা.) লি. কে স্বর্ণপদক দেওয়া হয়।

রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে চারদিনের এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

এবার মেলায় আটটি আর্থিক প্রতিষ্ঠান, ১০টি বিল্ডিং ম্যাটেরিয়াল প্রতিষ্ঠানসহ ৭২টি প্রতিষ্ঠানের মোট ৯০টি স্টল থাকছে।