চট্টগ্রামের নারী শ্রমিকদের আগ্রহ বেশি সৌদি আরব-ওমানে
কাজের জন্য বিদেশ যেতে আগ্রহ বাড়ছে চট্টগ্রামের নারী শ্রমিকদের। সাত বছরে বিদেশ যাওয়া নারী শ্রমিকের সংখ্যা বেড়ে ১৪ গুণ হয়েছে।
চট্টগ্রাম থেকে যাওয়া এসব নারী শ্রমিকদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে সৌদি আরব ও ওমানে।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি প্রশিক্ষণ (বিএমইটি) কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, বেতন, প্রবাসে পরিচিত লোকজন, আনুসঙ্গিক সুযোগ-সুবিধা এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই এই দুই দেশের প্রতি ঝোঁক বেশি নারী শ্রমিকদের।
বিএমইটি’র চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিবাসনের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি এখন নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এদের একটি বড় অংশ চট্টগ্রামের।”
গত জানুয়ারিতেই চট্টগ্রাম থেকে ১৪৫ জন নারী শ্রমিক বিদেশে গেছেন। আর ২০১৬ সালে সব মিলিয়ে যান এক হাজার ৪৯৬ জন।
চট্টগ্রামের প্রবাসী শ্রমিকদের বড় অংশই সৌদি আরব, ওমান ও দুবাইতে কাজ করেন জানিয়ে জহিরুল বলেন, “স্বাভাবিকভাবেই পরিচিত মানুষদের আশপাশেই থাকতে আগ্রহ বেশি নারী শ্রমিকদের।
“সে হিসেবে চট্টগ্রামের নারী শ্রমিকরাও সৌদি আরব, ওমান এসব দেশে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।”
সৌদি আরব ও ওমানে সাধারণত ‘হাউজ কিপিং’ ও ‘কেয়ার গিভার’ হিসেবে গিয়ে নারীরা বাংলাদেশি মুদ্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার মতো বেতন পান বলে তিনি।
বিএমইটি’র পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম থেকে যেসব নারী শ্রমিক দেশের বাইরে যান তাদের চার তৃতীয়াংশের বেশি যান সৌদি আরব ও ওমানে। গত বছর কাজের জন্য চট্টগ্রাম থেকে বিদেশে যাওয়া এক হাজার ৪৯৬ জনের মধ্যে সৌদি আরবে গেছেন ৬৫৪ জন, আর ওমানে ৫৮৪ জন।
এ বছর প্রথম মাসে চট্টগ্রাম থেকে বিদেশ যাওয়া সব নারীই গেছেন সৌদি আরবে।
২০১৩ সালে এ সংখ্যা ছিল ৪২০, ২০১৪ সালে প্রায় দ্বিগুণ বেড়ে হয় ৮৭৬ জন, ২০১৫ সালে বিদেশে গেছেন এক হাজার ৪১১ জন।
জহিরুল আলম মজুমদার বলেন, “মন্ত্রণালয়, দূতাবাসসহ সরকারের প্রত্যেকটি জায়গায় নজরদারি বাড়ার পাশাপাশি ইতিবাচক প্রচারণায় বিদেশে নারী শ্রমিক যাওয়ার সংখ্যা বাড়ছে।”
বিদেশ গমনেচ্ছু নারীদের দুটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হয়।
চট্টগ্রামের মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ-কোরিয়া মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বাছাই করা নারী শ্রমিকদের এক মাস করে প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়া সৌদি আরবে যাওয়ার জন্য নির্বাচিতদের বিএমইটি-গ্রিনল্যান্ড রিক্রুটিং এজেন্সি এবং সৌদি আরবের একজন ব্যক্তির উদ্যোগে ত্রিপক্ষীয়ভাবে এক মাসের একটি প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান বিএমইটি কর্মকর্তা জহিরুল।
এ প্রশিক্ষণে আচার-আচরণের পাশাপাশি গৃহস্থালি পণ্যের ব্যবহারও শেখানো হয়।
জহিরুল জানান, গত বছর চট্টগ্রাম থেকে যাওয়া এক হাজার ৪৯৬ জন নারী কর্মীর ৬৫৪ জন গেছেন সৌদি আরবে, আর ৫৮৪ জন ওমানে।
এর বাইরে জর্ডান ও লেবাননে গৃহকর্মী হিসেবে, পোশাক শ্রমিক হিসেবে মরিসাস, কোরিয়ার মতো দেশেও নারীরা যাচ্ছেন বলে জানান তিনি।
