২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইস মিলের নামে বিদ‌্যুৎ নিয়ে ব‌্যাটারিতে চার্জ

রাইস মিলের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়া একটি গ্যারেজের সন্ধান মিলেছে চট্টগ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 08:29 PM

Updated : 19 Aug 2022, 03:42 PM

মঙ্গলবার বিকালে সীতাকু্ণ্ডের উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট এলাকায় এ গ্যারেজের সন্ধান পায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ৪০টি ব্যাটারি, ১০টি চার্জার, একটি মিটার জব্দ করে ওই গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবুল হাশেম সওদাগর নামের এক লোক রাইস মিলের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারি চালিত রিকশায় চার্জ দেওয়ার এই গ্যারেজ চালিয়ে আসছিল।”

রাইস মিলের বিদ্যুৎ চার্জ ও আর বাণিজ্যিক বিদ্যুৎ চার্জে তফাৎ থাকায় প্রতিদিন গ্যারেজ মালিক প্রায় দুই হাজার রাজস্ব ফাঁকি দিয়ে ‍আসছিল বলে জানান তিনি।

“প্রতি রিকশা ৬০ থেকে ৭০ টাকার বিনিময়ে প্রতিদিন প্রায় ১০০ টি রিকশায় চার্জ দেয়া হত গ্যারেজটিতে যা প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারে বিদ্যুৎ ব্যবহারের সমান।”

এসব অপরাধে ওই গ্যারেজের ব্যাটারি ৪০টি, চার্জার ১০টি, একটি মিটার জব্দ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অভিযানে মালিক বা গ্যারেজে কর্মরত কাউকে পাওয়া যায়নি।

বন্দরে জরিমানা

বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মাস্টারবিহীন জাহাজ চালানোসহ কয়েকটি অভিযোগে সাতটি লাইটার জাহাজকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা ১২টা থেকে তিনটা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

যেসব জাহাজকে জরিমানা করা হয় সেগুলো হল- এমভি মাছুরা-১, এমভি সাগরের নূর, এমভি সি লাইন, এমভি আশরাফুল আলম, এমভি কুইন অব ঢাকা, এমভি সামির এবং এমভি নওরীন।

রোকেয়া পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্দর চ্যানেলে বড় জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টারবিহীন জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, ওভারলোডিং এবং বে-ক্রসিং এর অনুমতি না থাকায় ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স অনুসারে এসব জরিমানা করা হয়।”

অভিযান চলাকালে এফভি জো-এন্ডিভার নামের একটি ফিশিং ট্রলারে কাছে বন্দরের বকেয়া পাওনা এক লাখ ৩৩ হাজার ৫৮০ টাকাও আদায় করা হয় বলেও জানান তিনি।