২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল মাইক্রোবাস, খাবারের দোকান

চট্টগ্রামে অগ্নিকাণ্ডের দুই ঘটনায় একটি মাইক্রোবাস, তিনটি মোটর সাইকেল ও একটি খাবারের দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 11:53 AM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ১১ নম্বর সড়কের একটি গ্যারেজে আগুন লেগে মাইক্রোবাস ও মোটর সাইকেলগুলো পুড়ে যায়।  

“মাইক্রোবাসের ব্যাটারিতে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে আগ্রাবাদের ব্যাংকক মার্কেটের নিচে অগ্নিকাণ্ডে একটি খাবারের দোকান পুড়ে যায়।

বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই আগুন লাগে জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীম বলেন, আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।