সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক আবদুল হাকিম শিমুলের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রামের পেশাজীবীরা।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমন্বয় পরিষদের মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বিশেষ ট্রাইবুন্যালে সাংবাদিক শিমুল হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এছাড়া সমাবেশ থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবাহন চৌধুরীর বিরুদ্ধে মামলা ও এসএসপি পরীক্ষার প্রশ্নপত্রে চিকিৎসকদের ‘অবমাননারও’ নিন্দা জানানো হয়।
পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সভাপতি নাসিরুল হক, মুক্তিযোদ্ধা-পরিবেশবিদ অধ্যাপক ইদ্রিস আলীসহ পেশাজীবী নেতারা বক্তব্য রাখেন।
