২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক শিমুলের খুনিদের গ্রেপ্তারের দাবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকালের প্রতিনিধি আবদুল হামিদ শিমুল হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 09:26 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমকাল সৃহৃদ সমাবেশের আয়োজনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, দেশের সাংবাদিক সমাজ চরম প্রতিকূলতা ও নিরাপত্তাহীনভাবে জীবনযাপন করছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষমতাসীন নেতা ও পুলিশের আক্রমণসহ নানাভাবে আক্রান্ত হচ্ছেন তারা।

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা এমনকি গুলি করে মারার ঘটনাও ঘটছে জানিয়ে তিনি বলেন, সাংবাদিক হত্যা অব্যাহত থাকলেও কোনো ঘটনায় কারো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি।

শিমুল হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন রোববার মানববন্ধন করার ঘোষণা দিয়েছে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যা এখন রেওয়াজে পরিণত হয়েছে।

বিচারহীনতার সংস্কৃতির কারণে এ অবস্থা চলছে জানিয়ে তিনি পরিস্থিতির উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান সারওয়ার সুমন।

অন্যদের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহিদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, যুগ্ম সম্পাদক স্বরুপ ভট্টাচার্য ও সাংগঠনিক সম্পাদক সবুর শুভ।