২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেখিকার স্মরণ সভায় আরেক লেখিকার মৃত‌্যু

চট্টগ্রামে সদ্য প্রয়াত এক লেখিকার স্মরণ সভায় যোগ দিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন আরেক লেখিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 08:31 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে কথাসাহিত্যিক ফাহ্‌মিদা আমিনের স্মরণ সভায় ৫৯ বছর বয়সী জেসমিন খানের মৃত‌্যু হয় বলে সভার আয়োজক ফাউন্ডেশনের চেয়ারম‌্যান ডা. মঈনুল ইসলাম মাহমুদ জানান।

ওই অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখার পর দর্শক সারিতে বসেন জেসমিন খান। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। হৃদরোগে তার মৃত‌্যু হওয়ার কথা জানান সেখানকার চিকিৎসকরা।

জেসমিন খান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোসলেম খানের স্ত্রী।

তিনি ভ্রমণ কাহিনী ও আত্মজীবনীমূলক প্রবন্ধ লিখতেন বলে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক রাশেদ রউফ জানান।

Image
লেখিকা জেসমিন খান

লেখিকা জেসমিন খান

সময়ের জলছবি ও লসএঞ্জেলেস এর দিনগুলোসহ তিনটি বই রয়েছে জেসমিন খানের।

রউফ জানান, জেসমিন খান বছরের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসে থাকতেন। দুই-তিন মাস চট্টগ্রামে থাকতেন তিনি।

দৈনিক আজাদীসহ চট্টগ্রামের বিভিন্ন দৈনিকে নিয়মিত কলাম লিখতেন জেসমিন।

অনুষ্ঠানে উপস্থিত দৈনিক আজাদীর আলোকচিত্রী আমিনুল ইসলাম মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলোচনায় জেসমিন খান প্রয়াত লেখিকা ফাহ্‌মিদা আমিনের স্মৃতিচারণ করেন।

“জেসমিন খানের এক কিশোর ছেলে কয়েক বছর আগে নগরীর একটি বহুতল ভবন থেকে পড়ে মারা গিয়েছিল। সেসব কথাও তিনি বলেন। এরপর অন্য একজন বক্তব্য রাখছিল। তখন দর্শক সারিতে বসা জেসমিন খান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।”

অনুষ্ঠানে উপস্থিত লোকজন একটি গাড়িতে করে জেসমিন খানকে প্রেস ক্লাবের কাছের চেরাগী পাহাড় মোড়ের সেন্টার পয়েন্ট হাসপাতালে নিয়ে যান।

“সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান হৃদরোগে আক্রান্ত হয়ে জেসমিন খানের মৃত্যু হয়েছে,” বলেন মুন্না।

জেসমিন খানের মরদেহ নগরীর মোমিন রোডের বাসভবনে নেওয়া হয়েছে।

গত ১৩ জানুয়ারি ভোরে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলিডো শহরে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে মারা যান কথাসাহিত্যিক, নারী সংগঠক ও নারীকণ্ঠ পত্রিকার উপদেষ্টা ফাহ্‌মিদা আমিন।

তার স্মরণে ইঞ্জিনিয়ার আবদুল খালেক ও প্রফেসর মোহাম্মদ খালেদ ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।