চট্টগ্রামে ‘ইসলামী সমাজের’ আঞ্চলিক প্রধানসহ আটক ২৪
চট্টগ্রাম নগরীর পাহাড়তলির একটি ভবন থেকে ‘ইসলামী সমাজ’ নামের একটি সংগঠনের চট্টগ্রামের প্রধানসহ ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাদের মৌসুমী আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ২০১১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় জামাল উদ্দিনের ভাড়া বাসা থেকে আটক করা হয়।
আটকদের মধ্যে রুহুল অমিন (৪৫) চট্টগ্রাম অঞ্চলের মামুরের (আমির) দায়িত্ব পালন করছেন। এছাড়া টঙ্গী অঞ্চলের মামুর মো. ইউছুফ আলীও (৪৬) রয়েছেন।
আটক অন্যরা হলেন- আমির হোসেন (৫০), জামাল উদ্দিন (৪২), আবু হানিফ হারিজ (৫৩), রফিকুল ইসলাম রুবেল (২৭), আলমগীর হোসেন (৩৫), দিদার হোসেন (৩৫), মো. আনোয়ার (৪৪),শাহ আলম (৪০), রবিউল হোসেন (৩৭), তৌহিদুল ইসলাম (২২), আনোয়ার হোসেন (৪২), আব্দুল ওহাব (৫৪), আব্দুর রব (৪০), মো. ছাদেক (৪২), আবু বক্কর কামাল (৫০), আব্দুর কাদের (২৭), আকবর হোসেন (৪২), সাইফুল ইসলাম (ধর্মান্তরিত, আগের নাম কৃষ্ণানন্দ দে, ২৬), ইব্রাহিম খলিল (২৬), মোবারক আলী (৪৫), আব্দুল হাকিম (৪৫) ও মো. রবিউল (২৮)।
শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরদপ্তরে আয়োজিত সংবাদ সস্মেলনে এসব বিষয়ে জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির কিছু লিফলেট ও বুকলেট উপস্থাপন করা হয়।
অভিযানে জব্দ করা লিফলেট ও বুকলেট
অভিযানে জব্দ করা লিফলেট ও বুকলেট
সংগঠনটির শীর্ষ নেতারা আগে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের দাবি। ইসলামী সমাজের কেন্দ্রীয় কার্যালয় কুমিল্লা জেলার রায়পুর কুশিয়ারা এলাকায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বলেন, ইসলামী সমাজের সদস্যরা গণতন্ত্র বিরোধী এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মতবাদে বিশ্বাসী।
“২০০৯ সালে সরকার এ সংগঠনকে কালো তালিকাভুক্ত করে। কম শিক্ষিত লোকজনই তাদের লক্ষ্য। তারা ইসলামের নাম দিয়ে কম শিক্ষিত লোকদের র্যাডিকালাইজ করছে। সংগঠনের সদস্যরা বেশিরভাগ পঞ্চম বা অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে।”
পুলিশ কর্মকর্তা পরিতোষ ঘোষ জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে মৌসুমী আবাসিক এলাকায় একটি উগ্রবাদী সংগঠনের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। আটক ২৪ জনই ইসলামী সমাজের সাথে জড়িত।
অভিযানে জব্দ করা লিফলেট ও বুকলেট
অভিযানে জব্দ করা লিফলেট ও বুকলেট
“ওই বৈঠকে মিলিত হতে কয়েকজন কুমিল্লা এবং টঙ্গী থেকে এসেছিল। তিন-চারজন একেবারেই নতুন। তারা প্রথমবারের মত এরকম বৈঠকে এসেছে।”
অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, ইসলামী সমাজের সর্বোচ্চ শীর্ষ পদ ‘আমির’। আঞ্চলিক প্রধান ‘মামুর’ এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনাকারীরা ‘দ্বারা’ পদধারী। সংগঠনটির বর্তমান আমির কুমিল্লা জেলার বাসিন্দা সৈয়দ হুমায়ূন কবির।
পুলিশ কর্মকর্তা পরিতোষ বলেন, ইউছুফ আলী ২০০৮ সালে জামালপুরে হওয়া একটি মামলার আসামি। তখন সে জেএমবির সাথে যুক্ত ছিল।
অভিযানে জব্দ করা লিফলেট ও বুকলেট
অভিযানে জব্দ করা লিফলেট ও বুকলেট
“দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন সংগ্রহ করে তাদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেই এরা কাজ করছে। ইসলামী সমাজের প্রতিষ্ঠাতা আবদুল জব্বার জামায়াতে ইসলামীর সাথে জড়িত ছিলেন।
“পরবর্তীতে ছাত্রশিবির করতেন এমন একজন- হুমায়ূন কবির এর হাল ধরেন। তিনিই এখন আমীর।”
১৯৯৭ সালে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয় এবং ২০০৯ সালের অক্টোবরে সংগঠনটি কালো তালিকাভুক্ত করা হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।
পুলিশ কর্মকর্তা পরিতোষ ঘোষ বলেন, আটক হওয়াদের বিরুদ্ধে পাহাড়তলি থানায় মামলা করা হবে।
“তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সংগঠনের বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
