২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতায় সক্রিয় বিএনপি-জামায়াত: মেনন

বিএনপি-জামায়াত জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতায় এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 07:43 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

শুক্রবার বিকালে জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নগরীর আমিন জুট মিলস্‌ এর দক্ষিণ গেইটস্থ শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মেনন বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতায় এখনও সক্রিয়। তাদের ষড়যন্ত্রমূলক তৎপরতা এখনও চলছে। নির্বাচন নিয়ে ইতিমধ্যে তারা নানা অজুহাত সৃষ্টি করেছে।

“নির্বাচনে হেরে যাবে, তাই নির্বাচন কমিশন গঠন নিয়ে তাদের এত কথা। অথচ এরাই আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছিল এবং ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য গণতান্ত্রিক শক্তিসমূহের কোনো দাবি মেনে নিতে রাজি হয়নি। তার ফলেই দেশের ওপর চেপে বসেছিল মঈন উদ্দিন-ফখরুদ্দিন সরকার।”

মন্ত্রী বলেন, শ্রমিকদেরকেই সচেতনভাবে গণতন্ত্র রক্ষার সংগ্রামে সামনের কাতারে ভূমিকা পালন করতে হবে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে শ্রমিকদেরই মূল শক্তি হয়ে উঠতে হবে।

তিনি বলেন, “গার্মেন্টস শ্রমিকদের শ্রমের বিনিময়ে দেশের রপ্তানি অতি দ্রুত সমৃদ্ধ হচ্ছে। চট্টগ্রামের কালুরঘাট ‍জুট মিলের হাজার হাজার শ্রমিক আজ চাকরিচ্যুত। সরকার পাট খাতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও শ্রমিকদের পাওনা এখনো তারা পায়নি।

“অন্যদিকে ৫৬০ টাকা বেসিক ধরে কালুঘাট জুট মিলের শ্রমিকদের বকেয়া পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। শুনেছি ইতিমধ্যে ওই জুট মিলের সব যন্ত্রপাতি বিক্রি করা হয়ে গেছে। যন্ত্রপাতি বিক্রি করা যাবে না। শ্রমিকদের চাকরি নিশ্চিত করে তাদের বকেয়া পরিশোধ করতে হবে।”

জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ মঈনুদ্দিন খান বাদল এবং ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম।

সম্মেলন উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আমিন।

ফেডারেশনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশনের চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সভাপতি মো. ফয়েজ আহমদ।

অনুষ্ঠান শেষে আমিন জুট মিল এলাকায় আল হেরা মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাউন্সিলে শ্রমিক নেতা নুরুল ইসলামকে সভাপতি এবং দিদারুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে জাতীয় শ্রমিক ফেডারেশেনের ২৫ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।