চট্টগ্রাম কাস্টমস হাউজের দুই কর্মকর্তাসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রাম কাস্টমস হাউজের দুই কর্মকর্তা ও এক সিপাহীকে ‘অবৈধভাবে টাকা লেনদেনের’ অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুর্নীতির অভিযোগ তদন্ত করতে দুদক কর্মকর্তাদের চট্টগ্রাম কাস্টমস হাউজ ঘুরে যাওয়ার একদিনের মাথায় মঙ্গলবার তিনজনকে বরখাস্ত করার কথা জানান কাস্টমস কমিশনার এএফএম আব্দুল্লাহ খান।
এছাড়া রাজস্ব কর্মকর্তা আবদুল হাকিমকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কাস্টমস কমিশনার আব্দুল্লাহ খান বলেন, অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ ওঠায় তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।
সোমবার দুনীতি দমন কমিশন (দুদক) কমিশনার আমিনুল ইসলাম এবং দুই মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী ও আতিকুর রহমান চট্টগ্রাম কাস্টমস হাউজে আসেন।
কাস্টমসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের বলেছিলেন, চট্টগ্রাম কাস্টমসের প্রতিটি পর্যায়ে অনিয়ম রয়েছে। তিনি দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাস্টমস কর্মকর্তাদের বলেন।
