‘ভুলে ভরা পাঠ্যবই’ প্রত্যাহার চেয়ে চট্টগ্রামে স্মারকলিপি
সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী ও খেলাঘর একসাথে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানের সময় উদীচীর কেন্দ্রীয় সহ সভাপতি চন্দন দাশ ও সদস্য সুনীল ধর, জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তা, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সমন্বয়কারী শরীফ চৌহান, জেলা যুব ইউনিয়নের সভাপতি রিপায়ন বড়ুয়া, ছাত্র ইউনিয়নের সভাপতি গোলাম সরওয়ারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহারসহ আটদফা দাবি জানানো হয়। এতে সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি তোষণ বন্ধ করে বাহাত্তরের সংবিধানের চেতনায় মানবিক মূল্যবোধসম্পন্ন বিশ্বজনীন মানুষ তৈরির উদ্দেশে পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানানো হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ, সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, এস ওয়াজেদ আলী, হুমায়ুন আজাদসহ যেসব লেখকদের লেখাগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো আবারও সংযোজনের দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের পথে বাধা হয়ে দাঁড়ানো সাম্প্রদায়িক ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয় স্মারকলিপিতে।
সাম্প্রদায়িক , বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যবই প্রণয়নের সাথে যুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান প্রগতিশীল সংগটনের নেতারা।
