স্কুল ভর্তিতে অনিয়ম: চট্টগ্রামে ছাত্রলীগের তালিকায় ৬৮ প্রতিষ্ঠান
চট্টগ্রাম নগরীতে ভর্তি অনিয়মের সঙ্গে জড়িত অভিযোগ করে ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের একটি তালিকা জেলা প্রশাসককে দিয়েছে ছাত্রলীগের নগর কমিটির নেতারা।
সোমবার বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর কমিটির চলমান ‘ভর্তি দুর্নীতি বিরোধী’ কার্যক্রমের অংশ হিসেবে এ তালিকা দেওয়া হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিনের হাতে ছাত্রলীগের পক্ষে নগর কমিটির সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ওই তালিকা তুলে দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এক যৌথ বিবৃতি দেন।
নগর ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়, ছাত্রলীগের জমা দেওয়া তালিকায় নগরীর সরকারি বিদ্যালয়, সিটি করপোরেশন পরিচালিত স্কুল, কিন্ডার গার্টেন, মাদ্রাসা ও বেসরকারি স্কুলের নাম আছে।
বিবৃতিতে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, নগরীর পাঁচটি এলাকায় তারা পাঁচটি অভিযোগ বাক্সা রেখেছিলেন, যাতে অভিভাবকরা তাদের সন্তানদের ভর্তি বিড়ম্বনা এড়াতে তাদের সাহায্য নিতে পারেন।
তারা বলছেন, বাক্সে জমা হওয়া অভিযোগ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া অভিযোগের বিষয়ে খোঁজ নিয়েই এ সংক্রান্ত তালিকা জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়।
অভিযোগ করা স্কুলগুলোকে ‘একবিন্দু ছাড় দেওয়া হবে না’ বলে বিবৃতিতে আশা প্রকাশ করেন নগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।
এর আগে চলতি মাসেই অতিরিক্ত ভর্তি ফি, পুনঃভর্তি ফি, টিসি ফিসহ বিভিন্ন ফি আদায়ের অনিয়ম যাচাইয়ের জন্য জেলা প্রশাসন গঠিত পাঁচটি পরিদর্শক দল নগরীর স্কুলগুলোতে পরিদর্শন করে।
