২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খালে যুবকের বস্তাবন্দি লাশ

চট্টগ্রামের বাকলিয়ার একটি খাল থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 12:29 AM

Updated : 19 Aug 2022, 03:37 PM

নিহত মো. সোহেল (২৫) বৃহস্পতিবার ভোর থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

রোববার রাতে বাকলিয়া থানার বীর্যা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বাকলিয়া থানার ওসি আবুল মনসুর জানান।

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় সোহেলের বাবা মোবারক হোসেনের একটি ঝুট কাপড়ের দোকান আছে।

পরিবারের বরাত দিয়ে ওসি মনসুর বলেন, “সোহেল মানসিক রোগী ছিল। বৃহস্পতিবার ভোরে সে বাসা থেকে বের হয়ে যায়।”

সোহেল নিখোঁজ জানিয়ে শনিবার সকালে তার পরিবারের সদস্যরা থানায় একটি জিডি করেন।

“কয়েকজন টোকাই খালে মালামাল কুড়ানোর সময় একটি বস্তা দেখতে পায়। তারা বস্তাটি খুলে লাশ দেখে স্থানীয়দের জানায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে,” বলেন ওসি।