শেখ হাসিনা নাম চান না: মন্ত্রী মোশাররফ
যে কোনো উন্নয়ন প্রকল্প নিজের নামে করার বিষয়ে শেখ হাসিনার অনীহা আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
প্রধানমন্ত্রীকন্যা শেখ সায়মা হোসেন পুতুলের শ্বশুর মোশাররফ রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় বাস্তবায়িত ‘কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্প’ পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
এ প্রকল্পের পানি শোধনাগার প্ল্যান্টটি শেখ হাসিনার নামে করা হয়েছে। এ বিষয়ে সরকারপ্রধানকে রাজি করাতে বেগ পেতে হয়েছিল বলে জানান মন্ত্রী মোশাররফ।
তিনি বলেন, “উনি উনার নিজের নামে কিছু করতে চান না। উনার নামে কিছু নামকরণ করতে গেলে গুরুতরভাবে আপত্তি করেন।
“এ প্রকল্পের পানি শোধনাগার উনার নামে নামকরণ করতে চাইলেও তিনি এটা প্রত্যাখ্যান করেন। আমি, চট্টগ্রামের মেয়রসহ আমরা উনাকে বোঝাতে সক্ষম হয়েছি যে এটা তো আর অন্য কিছুর সাথে যাচ্ছে না। জীবনরক্ষাকারী পানির সাথে আপনার নাম যাচ্ছে। তারপর উনি রাজি হয়েছেন।”
চট্টগ্রাম ওয়াসার এই প্রকল্প আগামী ফ্রেব্রুয়ারির যে কোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানান মোশাররফ।
এ ধরনের প্রকল্পকে ‘সদকায়ে জারিয়া (অব্যাহত যে সেবা থেকে পূণ্যলাভ হয়)’ অভিহিত করে তিনি বলেন, সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে এ প্রকল্পে কাজ করতে হবে। কারণ সামান্য গাফিলতি কোটি মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
“পানি যেমন জীবন রক্ষা করে, তেমনি পানি আবার জীবন নিতেও পারে। তাই সতর্কতার সাথে সুচারুরূপে এ প্রকল্পে নিয়োজিতরা কাজ করবেন।”
এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার জন্য রাঙ্গুনিয়াবাসীকে ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি বলেন, যদি কখনও রাঙ্গুনিয়াতে কোনো আবাসিক এলাকা গড়ে উঠে তাহলে সেখানে এ প্রকল্প থেকে পানি সরবরাহ করা হবে।
নগরবাসীর ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে জাইকার অর্থায়নে ২০০৬ সালে এ প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম ওয়াসা। ২০১২ সালের মধ্যে এ প্রকল্প শেষ করার কথা থাকলেও ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় কাজ শুরু হয় ২০১০ সালে।
স্থানীয় সন্ত্রাসীদের চাঁদাবাজী, রাজনৈতিক অস্থিরতাসহ নানা জটিলতায় তিন দফা প্রকল্পের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের নভেম্বরে প্রথম পর্যায়ের কাজ শেষ করে ওয়াসা।
দৈনিক ১৪ কোটি ৩০ লাখ লিটার ক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগারটি ২০১৬ সালের ১ নভেম্বরে নির্মাণ কাজ শেষ করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদ, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান নজরুল ইসলাম।
