‘সফল আইনজীবী হতে সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে’
আইনজীবী হিসেবে সফল হতে সব ধরনের জ্ঞান অর্জন করতে এ বিষয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দীন।
শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর জামালখানে চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (সিআইইউ) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সেমিস্টারের আইন অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিারজউদ্দীন বলেন, জীবনের হাসি-কান্না, বেদনা থেকে শুরু করে সবকিছুই আইনের অন্তর্ভুক্ত। একজন আইনজীবীকে সফল হতে হলে সবকিছু সম্বন্ধেই জ্ঞান অর্জন করতে হবে।
“যে আইনজীবীর বিদ্যা-বুদ্ধি শুধু আইন অধ্যয়নেই সীমাবদ্ধ তাকে বিজ্ঞ বলা যায় না। শুধু পরীক্ষা পাশের জন্য নয়, জানার জন্য পড়তে হবে। আইনে শর্টকাট কোনো বিষয় নেই।”
আদর্শ আইনজীবীর গুণাবলী সম্পর্কে অধ্যাপক সিরাজউদ্দীন বলেন, আর্দশ আইনজীবী হতে হলে তাকে গভীর জ্ঞানী, বিচক্ষণ, কৌশলী এবং সর্বোপরি ন্যায়পরায়ণ হতে হবে। একজন অযোগ্য আইনজীবীর সাথে একজন হাতুড়ে ডাক্তারের কোনো পার্থক্য নেই।
তিনি বলেন, আইন হচ্ছে সর্বোচ্চ যুক্তিবিদ্যা। তাই আইনের শিক্ষার্থীদের যুক্তিবাদী হতে হবে, তাদের যুক্তিবাদী মন থাকতে হবে।
সিআইইউর উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক আসমা সিরাজউদ্দীন ও অধ্যাপক মাহমুদুল হক বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআইইউর ডেপুটি রেজিস্ট্রার নাহিদ খান।
