চট্টগ্রামে ৩ ‘জেএমবির’ বিস্ফোরক মামলা পুনঃতদন্তের নির্দেশ
চট্টগ্রামে তিন ‘জেএমবি সদস্যের’ বিরুদ্ধে বিস্ফোরক আইনের একটি মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নুর মঙ্গলবার এ আদেশ দেন।
এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বয়েজিদ থানায় বিস্ফোরক আইনে করা মামলাটিতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে বলেছিল তদন্তে তারা অভিযোগের প্রমাণ পায়নি।
“আমরা নারাজি আবেদন করেছিলাম। এ বিষয়ে শুনানি শেষে আজ আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছে।”
পিবিআইকে তদন্তের নির্দেশ দিলেও আদালত তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়নি বলে পিপি ফখরুদ্দিন জানান।
তিনি বলেন, পুলিশের যে পদের কর্মকর্তা শুরুতে এ মামলার তদন্ত করেছিলেন, তার চেয়ে উচ্চ পদের কাউকে দিয়ে মামলাটি আবার তদন্ত করাতে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত।
২০১৫ সালের ২৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর নালাপাড়া, কাজীর দেউরি ও কসমোপলিটন এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ (২৬), শওকত রাসেল (২৬) ও নাইমুর রহমান নয়নকে (২৫) পুলিশ গ্রেপ্তার করে।
পরে রাসেলের ‘দেওয়া তথ্যে’ হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় জেএমবির আঞ্চলিক কমান্ডার ফারদিনের আস্তানার সন্ধান মেলে। সেখান থেকে রাইফেল, বিস্ফোরক ও সামরিক পোশাক উদ্ধার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান।
ওই ঘটনায় হাটহাজারী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদও করে।
এরপর বায়েজিদ থানার হত্যা ও বিস্ফোরক আইনের দুটি এবং কর্ণফুলী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ওই তিন তরুণকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।
কর্ণফুলী থানার মামলাটি দায়ের করা হয়েছিল ২০১৫ সালের ৫ অক্টোবর খোঁয়াজনগর এলাকার একটি বাসা থেকে গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায়।
ওই বাসা থেকে সেদিন জেএমবির সামরিক কমান্ডার জাবেদকেও গ্রেপ্তার করা হয়। পরদিন পুলিশ তাকে নিয়ে বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় গ্রেনেড উদ্ধার অভিযানে গেলে বিস্ফোরণে নিহত হন জাবেদ।
বায়েজিদের ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ৩ জানুয়ারি ওই দুই মামলায় ফয়সাল, রাসেল ও নয়নকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরপর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফিরোজ আলম গত বছরের ৩১ মার্চ বায়েজিদ থানার বিস্ফোরক আইনের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন। তাতে বলা হয়, বায়েজিদের ঘটনায় তিন জেএমবি সদস্যের সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং নাম-ঠিকানা মেলেনি।
রাষ্ট্রপক্ষ গত বছরের ২৭ নভেম্বর পুলিশের ওই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে নারাজি আবেদন করে। এ মামলায় পুনঃতদন্তের আবেদন জানিয়ে পিবিআই বা অন্য কোনো সংস্থাকে সেই দায়িত্ব দিতে বলা হয় রাষ্ট্রপক্ষের আবেদনে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী সে সময় বলেছিলেন, “যথাযথ তদন্ত না করেই পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এরা কোনো সাধারণ অপরাধী নয়। রাষ্ট্রের স্বার্থেই এ মামলায় আবার তদন্ত হওয়া প্রয়োজন।”
ওই আবেদনের শুনানি করেই মঙ্গলবার পুনঃতদন্তের আদেশ দিল আদালত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৫ সালের ২৯ ডিসেম্বর ফয়সাল, রাসেল ও নয়নের ছাত্রত্ব বাতিল করে।
