দুর্ঘটনা রোধে চালকদের সতর্ক করার মানববন্ধনে ‘ছাত্রলীগের বাধা’
সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সতর্ক করার দাবিতে চট্টগ্রামে আয়োজন করা এক মানববন্ধনে বাধা দিয়েছে ছাত্রলীগ।
সোমবার বন্দরনগরীর দামপাড়ার গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন সড়কে দূরপাল্লার বাস কাউন্টারের সামনে ওই মানববন্ধনে বাধা দেয় এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীর সমর্থকরা।
গত ১২ জানুয়ারি রাতে কুমিল্লার কালিবাজার এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় মারা যায় ফারজাতুল ইসলাম নামে একজন; গুরুতর আহত হয় শামিমা ইয়াসমিন নামের আরও একজন।
এই ঘটনার প্রতিবাদ ও সড়কে চালকদের আরও সতর্ক করার দাবি জানিয়ে হানিফ এন্টারপ্রাইজের বাস কাউন্টারের সামনে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তরুণ সমাজ’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে নিহত ফারজাত ও শামিমার বন্ধুরা।
বিকাল ৫টার দিকে আয়োজিত এ মানববন্ধনে ভিপি ওয়াসিমের সমর্থকরা হানিফ এন্টারপ্রাইজের এসি কাউন্টারের সামনে থেকে মানববন্ধনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এ সময় কয়েকজনকে ধাক্কা দিয়ে এখানে মানববন্ধন করা যাবে না বলে হুমকি দেয় তারা।
তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “আমি তাদেরকে বলেছি, ‘আপনাদের দাবি নিয়ে আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তাহলে সমস্যার সমাধান হবে’।”
মানববন্ধনে অংশ নেয়া সৃজিতা মিতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। এসময় কিছু ছেলে এসে আমাদের কয়েকজনের গায়ে ধাক্কা দেয়।
“অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা ওখান থেকে সরে গিয়ে আমাদের মানববন্ধন শেষ করি।”
মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ওভারটেকিং কমানো, চালকদের যথাযথ প্রশিক্ষণ ও পর্যাপ্ত বিশ্রাম, ট্রাফিক আইন মেনে চলা ও দুর্ঘটনার জন্য দায়ী চালকদের আইনের আওতায় আনার দাবি জানান।
যে হানিফ এন্টারপ্রাইজের বাস দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে মানববন্ধন আয়োজন সেই কোম্পানির মালিক মো. হানিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি; হুলিয়া নিয়ে পালিয়ে আছেন তিনি।
তার ভাই কফিল উদ্দিন ঢাকার সাভারের বিএনপি নেতা। একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘দুর্ঘটনা প্রতিরোধে তরুণ সমাজ’র সংগঠক জাহেদা পারভিন, হাসান মুরাদ, সৌরভ চৌধুরী, জাহেদ, জন মুহাম্মদ, বিপ্লব শাহা ও সৃজিতা মিতু।
মানববন্ধন পরিচালনা করেন আরিফুল হক।
