বন্দর নগরীতে নতুন বাস
যাত্রীদের উন্নত সেবা দেওয়ার ঘোষণা দিয়ে চট্টগ্রামে চালু হয়েছে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস ‘মেট্রো প্রভাতি’।
রোববার নগরীর টাইগারপাস এলাকায় এক অনুষ্ঠানে নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
২০টি বাস দিয়ে প্রাথমিকভাবে এ সার্ভিসটি চালু করেছে ইফাদ অটোস লিমিটেড। সার্ভিসটি পরিচালনা করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।
কাউন্টারভিত্তিক এই বাস সার্ভিস বন্দর নগরীতে মানসম্মত গণপরিবহনের সঙ্কট মেটাতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মেয়র।
“ধীরে ধীরে এ সেক্টরে শীতাতপ নিয়ন্ত্রিত সার্ভিস যুক্ত করতে হবে, তাহলে উচ্চ মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তরাও এসব গাড়িতে চড়বেন।”
তাহলে সড়কে ব্যক্তিগত গাড়ি কমে তা যানজট সমস্যার অবসানেও ভূমিকা রাখবে বলেও মনে করছেন মেয়র।
সড়কে হকার বসার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করারও আহ্বান জানান তিনি।
“হকারদের কাছ থেকে প্রায় ১২ লাখ হতদরিদ্র জনগোষ্ঠী কেনাকাটা করেন। তাই উভয় দিক থেকেই বিষয়টিকে মানবিকভাবে দেখতে হবে। আমরা সন্ধ্যার পর নির্দিষ্ট জায়গায় হকাররা যাতে তাদের পণ্য বিক্রি করতে পারে, সে ব্যবস্থা নিচ্ছি।”
গণপরিবহন খাতে শৃঙ্খলা আনার পাশাপাশি চট্টগ্রামকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নাছির।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার নতুন বাস সার্ভিসের মান ধরে রাখার আহবান জানান।
“শহরে যত বাস চলে সব মুড়ির টিন। মানসম্মত এই বাস ও সার্ভিস চট্টগ্রাম শহরে সেবার মান বাড়াবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ অলি, ইফাদ অটোস লিমিটেডের পরিচালক আরিফ মাসুদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি হালিমা বেগম।
