ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হবে: পূর্তমন্ত্রী
দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে আশানুরূপ ফল পেতে হলে ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রোববার সকালে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে বাংলাদেশ ইকনমিক জোনস অথরিটি (বেজা) আয়োজিত ‘ইনভেস্টমেন্ট প্রমোশন সেমিনার’এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কম দামে জমি দেওয়াসহ অন্যান্য সুবিধা দেওয়া হলেও ব্যবসায়ীদের বিভিন্ন প্রণোদনার পাশাপাশি কর অবকাশ সুবিধাও দিতে হবে, অন্যথায় ব্যবসায়ীরা আগ্রহী হবেন না।
“অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের জন্য জমির দাম ২৫ শতাংশ কমানোসহ ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ উন্নত রাষ্ট্রগুলোর পর্যায়ে যায়নি। এজন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইনসেনটিভ ও ট্যাক্স হলিডে দেওয়া উচিত।’’
সেমিনারের সভাপতি বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী অর্থনৈতিক অঞ্চলগুলোতে নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়ার কথা জানান।
তিনি মিরসরাই ও আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি বর্ণনা করে বলেন, “ওইসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওইসব এলাকায় উন্নয়ন বাধাগ্রস্ত হবে এ ধরনের হস্তক্ষেপ যাতে না হয়।”
এ বিষয়ে গণপূর্তমন্ত্রী তার বক্তব্যে বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় কোনো ঝামেলা হবে না, এমন আশ্বাস দিয়ে ঠিকমত কাজ চালিয়ে যেতে বলেন।
বেজা চেয়ারম্যান মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি বিষয়ে বলেন, “সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল হবে মিরসরাইয়ে। ইতিমধ্যে মেরিন ড্রাইভ নির্মাণ, বিদ্যুৎ সঞ্চলন লাইন, গ্যাস পাইপ লাইন স্থাপনসহ ২৬০ কোটি টাকার অবকাঠামোগত কাজ হচ্ছে।”
বিশেষ অতিথি চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কাজ শুরু হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বিপুল কর্মসংস্থান হবে, দারিদ্র্য দূর হবে।
এজন্য তিনি চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন, জেলা প্রশাসক সামসুল আরেফিন বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে বিজনেস সেশন অনুষ্ঠিত হয়।
